তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, লক্ষাধিক টাকা ছিনতাই - The News Lion

তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, লক্ষাধিক টাকা ছিনতাই




দি নিউজ লায়ন ;  তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা  ছিনতাই করা হয় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় জখম তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা রাড়িয়াল গ্রামে। 


এই হামলার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার তৃণমূল দলের কর্মী, সমর্থকেরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখায়। পাশাপাশি হামলাকারী দুষ্কৃতীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম তৃণমূল কর্মীর পরিবার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম মহম্মদ বেলাল (৪৭)। 


বুধবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মোহাম্মদ বেলাল। এবং সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার সকালে তার উপর লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এই ঘটনায় রাসেদ আলী, বাসেদ আলী, সামজেদ আলী, সাগর আলী, শাহনওয়াজ আলী নামে পাঁচ অভিযুক্তের নাম উঠে এসেছে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস জানিয়েছেন, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। 


পাওনা টাকা চাইতে গিয়ে দলীয় কর্মীকে মারধর করা হয়েছে। এমনকি তার কাছে ব্যবসার থাকা লক্ষাধিক টাকা লুট করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.